অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ। মঙ্গলবার সকালে নগরের বহদ্দারহাট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বহদ্দারহাট মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। যুব বিভাগ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।
শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
শোভাযাত্রা শেষে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।