দক্ষিণ পূর্ব

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট

saiful
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭ দুপুর
পঠিত :
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে প্রবেশ করায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ ছয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আইএমডির পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে নিম্নচাপটি উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা এলাকায় অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টা এর তীব্রতা বজায় থাকতে পারে এবং এ সময়ের মধ্যেই এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।

অরেঞ্জ অ্যালার্ট জারি করা জেলাগুলো হলো কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা।

বৃহস্পতিবার সকাল থেকেই এসব এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আইএমডি। এ সময় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার রাতভর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবারও সেখানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পরিস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আশা করছে আইএমডি। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।