নগরের বাকলিয়ায় আব্দুস সোবাহান (৩৩) হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাছির (৪৫), হাজেরা (৪৫) ও মো. ফারুক (৪২)। নাছির ও হাজেরা এ মামলার এজাহারনামীয় আসামি। ফারুককে তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার যৌথ দল এ অভিযান পরিচালনা করেন।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আব্দুস সোবাহান। ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাবের ভাষ্য, এলাকার মাদক স্পটের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে সোবাহানের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোবাহানের বিরুদ্ধে আগে একটি হত্যা মামলা ও মাদকসংক্রান্ত একাধিক মামলা ছিল বলেও র্যাব জানিয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। ১২ নভেম্বর দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ১৮।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার কয়েকজন অভিযুক্ত কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।