বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ‘রয়েল হিল’ রিসোর্ট দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী মো. রাসেল চৌধুরী বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় এই মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক লামা থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মো. রাসেল চৌধুরী (৩৬) লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাইনঝিরি এলাকার রায়হান চৌধুরীর ছেলে।
মামলার প্রধান আসামিরা হলেন— মো. সুলতান (৪৫), পিতা- মৃত আব্দুল মালেক মুন্সী; মো. জাফর (৩৮), পিতা- ছান্দু মিয়া; মো. আইয়ুব (৩৫), পিতা- মৃত রতন; মো. আরিফ (৩৬), পিতা- বাহার উদ্দিন এবং মো. শাহাদাত (৪২), পিতা- শাহজাহান। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ২৬ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই লামা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টার মধ্যে আসামিরা সংঘবদ্ধ হয়ে এবং পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ‘রয়েল হিল’ রিসোর্ট দখলের চেষ্টা চালায়। এ সময় তারা বাদীর লোকজনের ওপর হামলা চালায় এবং মারধর, জখম, ভাঙচুর, চুরি ও প্রাণনাশের মতো গুরুতর অপরাধ সংঘটিত করে।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৪২৭, ৩০৭, ৩৭০, ৩৮৬, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— বেআইনিভাবে জনতাবদ্ধ হওয়া, অনধিকার প্রবেশ, সাধারণ ও গুরুতর জখম, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত, সম্পত্তি নষ্ট করা, খুন করার উদ্দেশ্যে জখম, চুরি এবং জোরপূর্বক চাঁদা আদায় ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ।
মামলার বাদী মো. রাসেল চৌধুরী জানান, ঘটনার পর থেকেই মামলা না করার জন্য আসামিরা তাকে ও তার লোকজনকে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। তবে এখনো আদালত থেকে মামলার কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদেশের কপি হাতে পাওয়া মাত্রই আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"
্
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।