দক্ষিণ পূর্ব

বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৬

saiful
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৩ সকাল
পঠিত : ১৮
বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৬


 নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারবিরোধী স্লোগান, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বায়েজিদ থেকে অক্সিজেনগামী সড়কের বজল সওদাগর মার্কেটের ইমাম ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম জহির এবং মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পারভেজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাব্বি হোসেন ওরফে আদি (২৩), মো. আব্দুর নুর ওরফে আব্দুল্লাহ (৩৭), মো. জাহিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত ইয়াছিন (২২), মো. সাব্বির হোসেন (৩০), জহিরুল ইসলাম জহির (৩১) ও পারভেজ (২৯)।

পুলিশের তথ্যমতে, রাব্বি হোসেন বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, আব্দুর নুর সীতাকুণ্ড থানার ছিন্নমূল ২ নম্বর সমাজ ছাত্রলীগের সহসভাপতি, জাহিদুল ইসলাম রিফাত বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাব্বির হোসেন বায়েজিদ বোস্তামী থানার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সহযোগী পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মীদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারের উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিলেন।

এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ২৪। এতে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় আরও কয়েকজন পলাতক ও অজ্ঞাতনামা আসামি রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।