দক্ষিণ পূর্ব

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে তিন হাজার পর্যটক

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৬:১৪ সকাল
পঠিত : ২৩
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে তিন হাজার পর্যটক

ছবি

Degchibarictg

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। এতে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন পর্যটকেরা।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। এ সময় যান চলাচলে বাধা দেওয়া হয়।

খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা বলেন, এখন সাজেকে পর্যটকদের ভরা মৌসুম চলছে। প্রতিদিন গড়ে ৩০টি মাহিন্দ্রা ও জিপে প্রায় আড়াই হাজার পর্যটক সাজেকে যাতায়াত করেন। রোববার সকালেও অনেক পর্যটক খাগড়াছড়ি শহর থেকে সাজেকের উদ্দেশে রওনা দেন। তবে অবরোধের কারণে তাঁরা বাঘাইহাটের পর আর এগোতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বেলা ২টার দিকে পর্যটকদের সাজেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, অবরোধের খবর পেয়ে গতকাল কিছু পর্যটক সাজেক ছেড়ে গেছেন। তবে নতুন কিছু পর্যটকও এসেছেন। সব মিলিয়ে বর্তমানে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছেন। রোববার সকালে খাগড়াছড়ির উদ্দেশে কোনো পর্যটকবাহী গাড়ি সাজেক ছাড়েনি। বেলা ২টায় পর্যটকদের নিয়ে গাড়ি ছাড়ার কথা রয়েছে।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৬টা থেকে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। তবে বিভিন্ন স্থানে পিকেটিংয়ের সময় তাঁদের বাধা দেওয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের কারণে সাজেকে কোনো যানবাহন চলাচল করছে না। পর্যটকবাহী গাড়িগুলো নিরাপত্তা বাহিনীর পাহারায় বেলা ২টায় সাজেক থেকে বের হবে। একই সময়ে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে গাড়ি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।