দক্ষিণ পূর্ব

সৈকতে ফুটবল আনতে গিয়ে স্রোতে ভেসে প্রাণ গেল পর্যটকের

saiful
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২০ দুপুর
সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট আগে
পঠিত : ২১
সৈকতে ফুটবল আনতে গিয়ে স্রোতে ভেসে প্রাণ গেল পর্যটকের


খেলার ছলে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে সাগরের স্রোতে ভেসে গিয়েছিলেন তিন বন্ধু। জেটস্কি চালকদের সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন মোফাজ্জল ইমাম সীমান্ত (২৪)। পরে প্রায় আড়াই ঘণ্টার অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করা হয়।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের অদূরে গ্রিন নেচার-সংলগ্ন নিচু বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মোফাজ্জল ইমাম সীমান্ত কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শহরের হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে অবস্থান করছিলেন।


সৈকতকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সীমান্তসহ নয় বন্ধু সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় তারা সাগরে ফুটবল নিয়ে খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি সাগরের পানিতে ভেসে গেলে সেটি আনতে তিন বন্ধু পানিতে এগিয়ে যান। পরে প্রবল স্রোতের টানে তিনজনই ভেসে যেতে থাকেন। খবর পেয়ে সৈকতকর্মী ও সি-সেইফ লাইফগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে জেটস্কি চালকদের সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে সীমান্ত নিখোঁজ ছিলেন।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সীমান্তকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও সৈকতকর্মীরা একযোগে অনুসন্ধান শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর গ্রিন নেচার-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অন্য দুই পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলেও জানান ওসি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।