চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৯টি ইউনিয়নে মনোনীত সার ডিলারদের নিয়োগ নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিলারদের সঙ্গে চুক্তি স্বাক্ষরসহ পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা সার ও বীজ মনিটরিং কমিটি। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে নিয়োগসংক্রান্ত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং কমিটির সদস্য সচিবের স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
স্মারকের ৯ নম্বর অনুচ্ছেদে লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে মনোনীত সার ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে উপজেলা কৃষি কর্মকর্তাকে দ্রুত অভিযোগগুলো তদন্ত করে নীতিমালা অনুযায়ী চুক্তি স্বাক্ষর-পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ১২ অক্টোবর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী এবং সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেন।
আবেদনে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ তুলে নিয়োগের তালিকা বাতিলের দাবি জানানো হয়। এ ছাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে মনোনীত ডিলারদের তালিকায় রাজনৈতিকভাবে বিতর্কিত এবং অতীতে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগও করা হয়।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুরো তালিকা পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান আবেদনকারীরা।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ জানান, জেলা প্রশাসকের নির্দেশনা তাঁরা পেয়েছেন। নির্দেশনা অনুযায়ী সার ডিলার নিয়োগের পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।