দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে চলন্ত অটোরিকশায় আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫ দুপুর
পঠিত : ৩২
হাটহাজারীতে চলন্ত অটোরিকশায় আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে সেটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তারা। তবে আগুনে চালকের একমাত্র উপার্জনের সম্বল অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি হাটহাজারী থেকে যাত্রী নিয়ে নাজিরহাটের দিকে যাচ্ছিল। চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন ধরে যায়।

পরিস্থিতি বুঝতে পেরে চালক ও যাত্রীরা দ্রুত অটোরিকশা থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, ইঞ্জিন ওভারহিটিংয়ের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

এদিকে, নিজের একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অটোরিকশাচালক মো. আলমগীর। চোখের সামনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েন।

মো. আলমগীর বলেন, ‘হাটহাজারী থেকে যাত্রী নিয়ে নির্দিষ্ট স্থানে আসার পরপরই গাড়িতে আগুন ধরে যায়। আমি ও যাত্রীরা দ্রুত নেমে প্রাণে বেঁচেছি। কিন্তু আমার একমাত্র উপার্জনের সম্বল অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে গেছে। এই গাড়ি চালিয়েই আমার পরিবারের ভরণ-পোষণ চলত। এখন কীভাবে জীবিকা নির্বাহ করব, তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’

অগ্নিকাণ্ডে কোনো যাত্রী হতাহত না হলেও একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে চরম বিপাকে পড়েছেন চালক আলমগীর।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।