দক্ষিণ পূর্ব

১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রাম বোর্ডে

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:১৪ সকাল
পঠিত : ২৩
১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রাম বোর্ডে
Degchibarictg

 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশে। গত ১৫ বছরের মধ্যে এটাই বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।

গত বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।

আজ শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মোট ৯৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের ৫৩ দশমিক ৪৯ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চট্টগ্রাম নগরে, ৬৬ দশমিক ২০ শতাংশ। চট্টগ্রাম জেলায় (নগরসহ) পাসের হার ৫৭ দশমিক ৪২ শতাংশ। অন্য জেলাগুলোর মধ্যে কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪, বান্দরবানে ৪১ দশমিক ৪২, রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ এবং খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৪ দশমিক ১৪ শতাংশ। মানবিক বিভাগে এ হার ৩৮ দশমিক ৩১ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গত ১৫ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে পাসের হার ছিল ৭২ দশমিক ২৯ শতাংশ। ওই বছর দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ে সৃজনশীল পদ্ধতি চালু হয়। এরপর ২০২০ সালে করোনাকালে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে শতভাগ পরীক্ষার্থীকে পাস করানো হয়।

২০২১ সালে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৪ শতাংশ। এরপর থেকে ধারাবাহিকভাবে কমেছে পাসের হার। ২০২২ সালে ৭৮ দশমিক ৮, ২০২৩ সালে ৭৪, ২০২৪ সালে ৭০ দশমিক ৪ এবং ২০২৫ সালে ৫২ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেন। এবার সেই হার আরও কমে ৫২ দশমিক ০৭ শতাংশে নেমেছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।