এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী মিলিয়ে মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের পরীক্ষা নিতে হবে। এবার মোট অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন।
তিনি বলেন, ‘যারা এক ও দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে, তাদের পরীক্ষা আমরা এক মাসের মধ্যে নিয়ে নেব। তাহলে যেন তাদের আগামী দিনে আর একটি বছর নষ্ট না হয়। এটি হচ্ছে আমাদের পরবর্তী পরিকল্পনা।’
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ সমস্যা কাটিয়ে ভবিষ্যতে যাতে ফলাফল ভালো হয়, সে বিষয়ে কাজ করা হচ্ছে। সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো চেষ্টা চালিয়ে যাবে।
এ ঘাটতি পূরণে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের আগামী দিনের ফলাফল আরও ভালো করার জন্য সবাইকে ভূমিকা রাখার অনুরোধ জানান মন্ত্রী।
এ সময় উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও জানান তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।