দক্ষিণ পূর্ব

ইয়েমেনে হুথিদের স্থাপনায় ১৩ বিমান নিয়ে সেনাবাহিনীর অভিযান

saiful
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৩ সকাল
পঠিত : ৩২
ইয়েমেনে হুথিদের স্থাপনায় ১৩ বিমান নিয়ে সেনাবাহিনীর অভিযান

ইয়েমেনের চার জেলায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে এসব অভিযান চালানো হয়।

ইয়েমেনি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় আল-বায়দা প্রদেশের আল-শারিয়াহ, ধি নাইম, আল-বায়দা ও আল সাওয়াদিয়াহ এবং দক্ষিণাঞ্চলীয় আল-ধালে প্রদেশে এসব বিমান হামলা চালানো হয়।

অভিযানে হুথিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ লঞ্চার, কমান্ড সেন্টার, সামরিক যানবাহন ও সমাবেশস্থল লক্ষ্য করা হয়। আল-ধালে প্রদেশে হুথিদের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নাসা পর্বতে থাকা একটি থার্মাল নজরদারি ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে ইয়েমেনি বিমানবাহিনী।

এর আগে রোববার হুথি বিদ্রোহীদের কাছ থেকে ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাইজ শহর এবং লোহিত সাগরের উপকূলবর্তী আল হুদায়দা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে ইয়েমেনি সেনাবাহিনী। ওই সংঘাতে ২০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

দীর্ঘদিনের গৃহযুদ্ধ

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১৫ সালে রাজধানী সানা দখল করে হুথি গোষ্ঠী। এরপর তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদি আরবে পালিয়ে যান। তাঁর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় ফেরাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। সংঘাতের ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে।

বর্তমানে ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার দেশটির অন্যান্য অংশ নিয়ন্ত্রণ করছে। ইয়েমেনের সেনাবাহিনী এই সরকারের অনুগত।

ইরানের ওপর সাম্প্রতিক যুদ্ধ ও চাপের কারণে হুথিদের প্রতি তেহরানের আগের মতো সহায়তা কমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে গত জুলাই থেকে নতুন করে অভিযান জোরদার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।