দক্ষিণ পূর্ব

ইরান যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ, ৫০ মার্কিন সেনার পলিগ্রাফ পরীক্ষা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৩ সকাল
পঠিত : ৪২
ইরান যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ, ৫০ মার্কিন সেনার পলিগ্রাফ পরীক্ষা

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য সাংবাদিকদের কাছে ফাঁসের অভিযোগ তদন্তে জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন সামরিক ও বেসামরিক কর্মীর পলিগ্রাফ পরীক্ষা করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত মাসে জয়েন্ট স্টাফের এসব সদস্যের ‘লাই ডিটেক্টর’ বা মিথ্যা শনাক্তকারী যন্ত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।

তদন্তকারীরা জানতে চান, যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার তথ্য সংশ্লিষ্ট কর্মীরা কোনো সাংবাদিকের কাছে প্রকাশ করেছেন কি না।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসে। সামরিক বাহিনীর অভ্যন্তরীণ এই তথ্য কীভাবে সাংবাদিকদের হাতে পৌঁছেছে, তা খুঁজে বের করতেই তদন্ত শুরু করেছে প্রশাসন।

এ বিষয়ে নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, প্রতিরক্ষা দপ্তর অভ্যন্তরীণ কর্মীসংক্রান্ত বিষয় বা চলমান তদন্ত নিয়ে মন্তব্য করে না। তবে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য ফাঁসের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং এ ধরনের অভিযোগের যথাযথ তদন্ত করা হয়।

তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক কর্মীদেরও জিজ্ঞাসাবাদ ও পলিগ্রাফ পরীক্ষার আওতায় আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।