ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে। এ ইস্যুতে দুই নেতার সাম্প্রতিক ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। যদিও এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর দপ্তর।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে দুই নেতার কথোপকথন সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দেওয়া হয়। সূত্রগুলোর দাবি, ফোনালাপে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দেয়।
প্রতিবেদনে কথোপকথনকে কঠিন ও সংঘাতপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এমনকি এক সূত্রের দাবি, আলোচনার সময় দুই নেতার মধ্যে চিৎকার-চেঁচামেচিও হয়েছে।
তবে এ প্রতিবেদন সরাসরি নাকচ করেছে নেতানিয়াহুর দপ্তর। তাদের ভাষ্য, দুই নেতার কথোপকথনে কোনো ধরনের উত্তেজনা ছিল না। প্রকাশিত খবরকে ‘ভুয়া ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলেও দাবি করা হয়েছে। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও সেটিকে উত্তপ্ত বা কঠিন আলোচনা বলতে রাজি হননি।
এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করতে ট্রাম্পের ওপর নেতানিয়াহুর ধারাবাহিক চাপের খবরও সামনে এসেছে। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, সামরিক অভিযান পুনরায় শুরুর জন্য নেতানিয়াহু প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করছেন।
নেতানিয়াহুর এমন তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। তারা নতুন করে সামরিক সংঘাতের পথে না গিয়ে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর পক্ষে নয়। সংঘাত নিরসনে ইতিবাচক অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যেও সামরিক অভিযানের বিষয়ে অনাগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পুনরায় শুরুর তাৎক্ষণিক প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। অর্থনৈতিক চাপের মাধ্যমেই যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে।
তবে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়ে রুবিও সতর্ক করেন, তেহরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, কাতার জানিয়েছে, ইরান সংকট নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টায় ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো আসেনি। নতুন করে সামরিক অভিযান শুরুর প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানগত দূরত্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।