পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) উপ-অধিনায়ক (এসপি) মো. জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সূত্রের দাবি , গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী জাহাঙ্গীর আলমকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের কিছু আলামত পাওয়ার পর তাঁর ফোন দুটি পরীক্ষা করে জব্দ করা হয়।
অভিযোগের তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে তাঁকে ডাকা হয়েছিল। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ পর্যায়ে বিস্তারিত বলা সমীচীন হবে না।
অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, মোবাইল ফোন দুটি ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।
রেঞ্জ পুলিশের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফোন দুটি জব্দ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি আরআরএফ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।