ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে বড় পর্দায় কিছুটা অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন পূর্ণিমা। ভিডিওতে তাঁকে সিডনির একটি শপিং মলের ক্যাফে চত্বরে ঘুরে বেড়াতে দেখা যায়। চোখে চশমা, সবুজ টি-শার্ট ও ডেনিম জ্যাকেটে হাস্যোজ্জ্বল পূর্ণিমার উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘সিডনির পথে পথে ঘুরে বেড়াচ্ছি, সঙ্গে জমা হচ্ছে সুন্দর সব স্মৃতি। কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই—শুধু অফুরন্ত হাসি, নির্ভার কিছু মুহূর্ত আর শহরের জীবনকে নিজের মতো করে উপভোগ করার আনন্দ।’
তিনি আরও লিখেছেন, কখনো কখনো কোনো পরিকল্পনা ছাড়াই নিজের মতো করে চলতে থাকলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয়।
পূর্ণিমার ভিডিও প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা। অনেকে তাঁর চিরচেনা হাসি ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনাকে ছোটবেলা থেকে যেমন দেখছি, আপনি এখনো তেমনই আছেন, অথচ আমরা বুড়ো হয়ে গেছি।’
নব্বইয়ের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করা পূর্ণিমা দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন ভিডিও ও ছবি প্রকাশ পেলেই ভক্তদের মধ্যে আগ্রহ দেখা যায়। এবার সিডনিতে তাঁর নির্ভার ঘোরাঘুরির মুহূর্তও সেই আগ্রহের জন্ম দিয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।