কর্ণফুলীতে নির্জন এলাকা থেকে নুরুল আবছার (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশটির দুই হাত বাঁধা ছিল। এ ঘটনায় তাঁর মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ‘এসপির ভিটা’ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল আবছার ওই এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে এক পথচারী নির্জন ওই স্থানে একটি গাছে যুবকের লাশ ঝুলতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ জানান, গাছ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।