দক্ষিণ পূর্ব

কাপ্তাই লেকে বাড়ছে পানি, খোলা হলো ১৬ জলকপাট

saiful
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৪ দুপুর
পঠিত : ৩২
কাপ্তাই লেকে বাড়ছে পানি, খোলা হলো ১৬ জলকপাট

ছবি-দক্ষিণপূর্ব


রাঙামাটির কাপ্তাই লেকে আবারও দ্রুত বাড়ছে পানির উচ্চতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়। এ সময় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে লেকের পানি দ্রুত বাড়ার পাশাপাশি রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে ডুবে যাওয়া ও ভাঙনের ঘটনা ঘটছে। এ অবস্থায় পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুট এমএসএল অতিক্রম করলে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়।

পরে পানির উচ্চতা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি জলকপাট ৩ ফুট পর্যন্ত খোলা হলে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। লেকের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে এলে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

তবে কয়েক দিনের ব্যবধানে আবারও লেকের পানি বাড়তে থাকায় শুক্রবার সকাল থেকে একই প্রক্রিয়ায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে স্থির হলে গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই লেকের পানি ওই সীমার কাছাকাছি পৌঁছানোর আগেই নিয়ন্ত্রিতভাবে পানি নিষ্কাশন করে ঝুঁকি কমানোর চেষ্টা করা হচ্ছে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।