কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে নগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর (বাদামতলা কাজীবাড়ি) এলাকার সিরাজ মিয়ার ছেলে।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট ২০২৪ তারিখে কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়া পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় মামলা হয়।
মামলা নং-০৪, তারিখ ১৫ আগস্ট ২০২৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩৫৩, ২২৪, ৪২৭, ৩৩২, ৩৩৩, ৪৩৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, পলাতক বাহাদুর মিয়া চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। এর ভিত্তিতে বুধবার ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিএমপি কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর / দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।