দক্ষিণ পূর্ব

কোরিয়ান বিনিয়োগ সম্প্রসারণে বেপজার সঙ্গে কেবিসিসিআইয়ের মতবিনিময়

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৩ দুপুর
পঠিত : ৩৬
কোরিয়ান বিনিয়োগ সম্প্রসারণে বেপজার সঙ্গে কেবিসিসিআইয়ের মতবিনিময়

ছবি

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেপজা কমপ্লেক্সে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিলের সঙ্গে কেবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ ও মতবিনিময় করে।

কেবিসিসিআই প্রেসিডেন্ট শাহাব উদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী ও কোরিয়ান দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান সংস্থাটির সাম্প্রতিক সাফল্য এবং বিনিয়োগকারীদের জন্য দেওয়া বিভিন্ন উন্নত সেবার কথা তুলে ধরেন। তিনি বলেন, বেপজার অধীন জোনগুলোতে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম শীর্ষস্থানীয়। বর্তমানে বেপজার বিভিন্ন জোনে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ৬০টি প্রতিষ্ঠান চালু রয়েছে। এ ছাড়া আরও সাতটি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে।

মতবিনিময়কালে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বেপজার নতুন জোন বেপজা অর্থনৈতিক অঞ্চল এবং বিশেষ করে যশোর ও পটুয়াখালী ইপিজেডে বৃহৎ পরিসরে বিনিয়োগের আহ্বান জানান নির্বাহী চেয়ারম্যান।

তিনি বলেন, বেপজার বিনিয়োগ পরিবেশ ও সেবার মান সম্পর্কে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে। ফলে নতুন বিনিয়োগের ক্ষেত্রেও বেপজার জোনগুলো তাদের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের আরও উন্নত সেবা দিতে বেপজার নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও তিনি অবহিত করেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বেপজার অবদানের প্রশংসা করেন এবং সংস্থাটির প্রতি ধন্যবাদ জানান। বিনিয়োগ কার্যক্রম ও যোগাযোগ আরও সহজ করতে বেপজায় দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের জন্য একটি ‘কোরিয়ান ডেস্ক’ স্থাপনের প্রস্তাব দেন কোরিয়ান দূতাবাসের প্রতিনিধি।

মতবিনিময়ের একপর্যায়ে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন বেপজার নির্বাহী চেয়ারম্যান।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।