ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে অবৈধভাবে টিলা শ্রেণির জমি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি মিনি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় মনির আহমেদ (৫২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ও রাতে আনসার এবং ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খালের পাশে টিলা শ্রেণির জমি কাটার সময় দুটি মিনি ট্রাক আটক করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মনির আহমেদকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মনির আহমেদ পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ফজল আহমেদের ছেলে। ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।