দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের

saiful
saiful
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০৪:৪১ দুপুর
পঠিত : ৪
চট্টগ্রামে পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের
Degchibarictg

বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে করপোরেট অঙ্গনের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট (সিজন-৩)’। শুক্রবার (৩০ অক্টোবর) বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে ক্লিফটন গ্রুপ ১-০ গোলে কনফিডেন্স সিমেন্টকে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্লিফটন গ্রুপের নওশাদ। দিনের দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২-০ গোলে চৌধুরী গ্রুপকে হারায়।

এবারের প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে এশিয়ান গ্রুপ, কনকর্ড ও এক্সপো ফ্রেইট। গ্রুপ ‘বি’-তে কনফিডেন্স সিমেন্ট, ক্লিফটন গ্রুপ ও সাউথইস্ট ব্যাংক। গ্রুপ ‘সি’-তে এ অ্যান্ড ই, বিকাশ ও কেএসআরএম এবং গ্রুপ ‘ডি’-তে ডেকাথলন, পিএইচপি ফ্যামিলি ও চৌধুরী গ্রুপ।

এ ছাড়া গ্রুপ ‘ই’-তে এন মোহাম্মদ, আকিজ শিপিং ও মার্স্ক; গ্রুপ ‘এফ’-এ বনফুল, নগদ ও ফোর এইচ গ্রুপ; গ্রুপ ‘জি’-তে কেডিএস ফ্যাশন, মামিয়া ওপি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং গ্রুপ ‘এইচ’-এ মাফ ফ্যামিলি, রবি ও পি-টু-পি ফার্নিচার অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী লিটন, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। একসময় তিনি নিজেও প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। পরবর্তী সময়ে স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন এবং গত ২৫ বছর ধরে এ বিষয়ে কাজ করছেন।

তিনি বলেন, খেলাধুলায় অংশ নেওয়ার আগে শারীরিক প্রস্তুতি ও কন্ডিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ প্রস্তুতি ছাড়া খেলতে নামলে মাংসপেশিতে টান, লিগামেন্টে আঘাত ও মচকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই পেশাদার খেলোয়াড় না হলেও খেলার আগে শারীরিক প্রস্তুতির বিষয়ে সবাইকে গুরুত্ব দিতে হবে।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে করপোরেট প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক পেশাদার খেলোয়াড় আর্থিক সংকটে রয়েছেন। তাদের পাশে দাঁড়াতে হবে। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো ক্রীড়া আয়োজনে এগিয়ে এলে খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মাদকমুক্ত সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতেই প্রতিবছর এ আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তিনি আরও জানান, এবারের ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসরের পাশাপাশি প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের খ্যাতনামা শাটলারেরা অংশ নেবেন। আগামী ৬ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ ক্রীড়া আয়োজন শেষ হবে।

এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একই আয়োজনে যুক্ত করা, পারস্পরিক পরিচিতি বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, এর আগে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের দুটি আসর অনুষ্ঠিত হয়েছে। এবার তৃতীয় আসরের সঙ্গে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হওয়ায় আয়োজনের পরিধি আরও বিস্তৃত হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।