চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির অজ্ঞাত একটি লরি-ট্রাকের ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ইদুলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল হুদা ভূঁইয়া মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে। তিনি পেশায় মুদি ও স্টেশনারি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইদুলপুর এলাকায় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত লরি-ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. নূরুল মোস্তফা জানান, দুই ভাই একসঙ্গে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তার ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। দীর্ঘ সময় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর দেখে তিনি ছোট ভাইয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।