চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের সিট দেওয়ার অভিযোগ উঠেছে হল প্রভোস্টের বিরুদ্ধে।
১০ নভেম্বর (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে বিশেষ বিবেচনায় দেওয়া সিটের বিষয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের সুপারিশের কথা উল্লেখ করতে শোনা যায় হল প্রভোস্টকে।
অন্যদিকে, হল সংসদ ও শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষ বিবেচনায় দেওয়া এসব সিটের অধিকাংশই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িতদের দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ১২ সেকেন্ডের ছড়িয়ে পড়া ওই ফোনালাপের অডিও তে হল প্রভোস্টকে বিশেষ বিবেচনায় হলে একাধিক শিক্ষার্থী থাকার কথা বলা হলে তিনি "ভিসি, প্রোভিসি যখন সিট দেয় সেগুলো তো আমাকে দিতে হয়। বহিরাগত যারা আছে তাদের একটা লিস্ট দাও আমাকে" বলতে শুনা যায়।
এ বিষয়ে শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী ও সাবেক ভিপি আলাউদ্দিন সন্দ্বীপী বলেন, ‘আমরা দায়িত্বে থাকাকালে বিশেষ বিবেচনায় সিট দেওয়ার বিষয়ে খুব বিরোধিতা করতাম। যাতে নিয়ম অনুযায়ী অ্যালটমেন্টের মাধ্যমে সিট দেওয়া হয়। চাকসুর পরে প্রথম অ্যালটমেন্টে আমরা ১০০টি সিট দিয়েছিলাম। কিন্তু এখানে মাত্র ১৮টি সিট দেওয়া হয়েছে। এখন অনেক সিট খালি হচ্ছে, কিন্তু খালি হিসেবে দেখানো হচ্ছে না। বিশেষ বিবেচনায় প্রভোস্ট দিয়ে দিচ্ছেন। ডাবলিংয়ে অনেকে সিট নিচ্ছে, আবার সিট না ছাড়াই উঠে যাচ্ছে। আমাদের ধারণা, এর পরিমাণ ১৩টি সিটেরও বেশি। এগুলো সবাই ছাত্রদলের পোলাপান বলে আমাদের ধারণা। এর আগে আমি বলেছিলাম, প্রশাসনের সুপারিশ থাকলেও গণহারে যাতে সিট দিতে না পারে।’
অভিযোগের বিষয়ে হল প্রভোস্ট ড. জহুরুল আলম বলেন, ‘আমি পাঁচ তারিখে দায়িত্ব নিয়েছি। এরপর থেকে আমি কাউকে কোনো সিট দিইনি। আমাদের সিট দেখার বিষয়গুলো সিনিয়র হাউস টিউটর দেখেন। তার সঙ্গে কথা বললে দেখতে পারবেন।’
তবে অভিযোগটিকে নাকচ করে দিয়েছেন ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত হল সংসদের এজিএস এবং শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ। তিনি বলেন, “সিট দেওয়ার বিষয়টি সত্য নয়। অন্য মতাদর্শের যারা আছে তারা গুজব ছড়িয়েছে।।
পরবর্তীতে আবাসিক শিক্ষক মুহাম্মদ শফিউর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, "হলের সংরক্ষিত ৩% কোটার আসন নীতিমালা অনুযায়ী এবং বিশেষ প্রয়োজনে বা অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করে প্রশাসনিক ক্ষমতাবলে বরাদ্দ দেওয়া হয়ে থাকে, যার সাথে নীতিমালার কোনো ব্যত্যয় ঘটে না এবং ভিডিও বা অডিওতে কে কী বলছে সেটা তার কাছেই জিজ্ঞাসা করেন।"
এসএ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।