চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঘনবসতিপূর্ণ ভবনের মাঝখানে অবস্থিত একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা গুদামটি মূলত মবিলের গোডাউন। সেখানে তেল ও বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। এ ছাড়া তেলের ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামটির আশপাশে ঘনবসতিপূর্ণ আবাসিক ভবন ও দোকানপাট রয়েছে। ভবনগুলো পাশাপাশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা আশপাশের ভবন ও ছাদ থেকে পানি ছিটিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
এদিকে, গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।