আগামী ১৮ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদযাপনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ৩য় তলায় ভি.আই.পি কক্ষে এই সংবাদ সম্মেলন ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এলামনাই কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব আসলাম চৌধুরী, জনাব আমীর হুমায়ূনস।
উপাচার্য তাঁর লিখিত বক্তব্যে বলেন, “১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধির বিকাশ, সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং প্রগতিশীল চিন্তার এক অনন্য কেন্দ্র। আগামী ১৮ নভেম্বর চবির ৬০ বছর পূর্তি উপলক্ষে আমরা হীরকজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করছি। এই ঐতিহাসিক উদ্যাপনকে সফল ও স্মরণীয় করে তুলতে সকলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মান নির্ভর করে গবেষণার উৎকর্ষ, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার ওপর। হীরকজয়ন্তী শুধু অতীতের গৌরব স্মরণ করার আয়োজন নয়; এটি আমাদের অর্জন মূল্যায়ন এবং আগামী দিনের জন্য একটি জ্ঞানভিত্তিক, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করার মাধ্যম।”
চবি উপাচার্য জানায়, আগামী ১২ নভেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।