বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও জাপান।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার ঐতিহ্যগত ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার পাশাপাশি নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বেশ কয়েকটি বড় অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের অর্থায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রমও চলছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।