দক্ষিণ পূর্ব

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যকেন্দ্রে বিতরণ হবে ৩ কোটি টাকার ওষুধ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ ০২:৩৪ দুপুর
পঠিত : ৩৩
চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যকেন্দ্রে বিতরণ হবে ৩ কোটি টাকার ওষুধ

ছবি

Degchibarictg

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওতাধীন ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে বিতরণ করা হবে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ওষুধ। আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফের সহযোগিতায় এসব ওষুধ পেয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। এর মধ্যে চমেক হাসপাতালের জন্য প্রায় ২ কোটি টাকা এবং চসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য প্রায় ১ কোটি টাকা মূল্যের ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে চমেক হাসপাতাল ও চসিকের প্রতিনিধিদের কাছে এসব ওষুধ হস্তান্তর করা হয়।

চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এ ওষুধ সহায়তার ফলে চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন। একই সঙ্গে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চমেক হাসপাতালের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে শুধু ওষুধ সরবরাহ নয়, চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ রয়েছে। সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদান রাখছে। বিপুল পরিমাণ ওষুধ সহায়তা দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ও ডিরেক্ট রিলিফকে ধন্যবাদ জানান তিনি।

একই দিন চসিকের সম্মেলনকক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে নগরীর স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য প্রায় ১ কোটি টাকা মূল্যের ওষুধ হস্তান্তর করা হয়।

এ সময় চসিক প্রশাসক বলেন, সিটি করপোরেশনের অধীনে ২০টি দাতব্য চিকিৎসালয়, ৩২টি আরবান হেলথ ক্লিনিক এবং মাতৃসদন ও হাসপাতালসহ মোট ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ওষুধ সরবরাহ করা হবে।

যুক্তরাষ্ট্রে উৎপাদিত এসব ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজন অনুসারে বিনামূল্যে বিতরণ করা হবে জানিয়ে তিনি বলেন, এতে নগরীর দরিদ্র ও নিম্নআয়ের মানুষ মানসম্মত ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন।

ডেঙ্গু পরিস্থিতিতে রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভূমিকার প্রশংসা করে ডা. শাহাদাত হোসেন বলেন, হাসপাতালটির উন্নয়নে সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, এটি প্রাথমিক পর্যায়ের ওষুধ সহায়তা। সামনে আরও বড় চালানে ওষুধ আসবে। পর্যায়ক্রমে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এসব ওষুধ সরবরাহ করা হবে।

চমেক হাসপাতালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে চসিকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমীন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।