জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দূরপাল্লা, রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলচালিত সাধারণ বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়বে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ সূত্র জানিয়েছে, বাড়তি ভাড়ার হার শুধু ডিজেলচালিত নন-এসি বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। একইভাবে ট্রাক, কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ভাড়াও সরকার নির্ধারণ করে না। ফলে এসব যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে নতুন ভাড়ার হার প্রযোজ্য হবে না।
বিআরটিএ কর্মকর্তারা জানান, ৫২ আসনের বড় বাস এবং ৩০ আসনের মিনিবাসের ভিত্তিতে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। তবে দূরপাল্লার বিভিন্ন রুটে অনেক পরিবহন ৫২ আসনের বাসের আসন কমিয়ে যাত্রীদের জন্য তুলনামূলক আরামদায়ক ব্যবস্থা করে। এ ক্ষেত্রে ভাড়ার পরিমাণে কিছুটা তারতম্য হতে পারে।
উদাহরণ হিসেবে ঢাকা-চট্টগ্রাম রুটের কথা বলা যায়। এ পথে দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। নতুন হিসাবে ৫২ আসনের বাসে ভাড়া ৪০ টাকার কিছু বেশি বাড়বে। তবে বাসের আসন কমিয়ে ৪০ আসন করা হলে ভাড়া আরও বেশি বাড়তে পারে। বাসের ভাড়ার সঙ্গে সড়ক ও সেতুর টোলও যুক্ত করা হয়।
বিআরটিএ সূত্র জানিয়েছে, দূরপাল্লা ও নগর পরিবহনের কোন রুটে কত দূরত্বে কত ভাড়া হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা প্রস্তুত করতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।
এদিকে নতুন ভাড়া কার্যকর হওয়ার আগেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়াসহ বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার থেকেই কোথাও কোথাও ১০০ টাকা বা তারও বেশি ভাড়া বাড়ানো হয়েছে। ঢাকা-বরিশাল রুটে সাকুরা পরিবহনে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অথচ এ রুটে নতুন হিসাবে ভাড়া বড়জোর ৩০ টাকা বাড়তে পারে।
বাসের ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। সাধারণত জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি অন্যান্য খরচও বিবেচনায় নেওয়া হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ ডিজেলের দাম যতটা বেড়েছে, মূলত সেই অনুপাতে বাসের ভাড়া বাড়ানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত ডিজেলের দাম লিটারে এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি প্রায় এক পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় বিআরটিএ কিলোমিটারপ্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা করার সিদ্ধান্ত নেয়।
গতকাল বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে পরিবহন মালিক-শ্রমিক নেতারা মন্ত্রণালয়ে গিয়ে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করে ভাড়া বাড়ানোর আবেদন জানান।
বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও টেম্পোসহ বিভিন্ন ধরনের যানবাহন ডিজেলে চলে। তবে মালবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারণ করে না। একইভাবে এসি বাসের ভাড়াও সরকার নির্ধারণ করে না। এসব যানবাহনের ভাড়া মালিক-শ্রমিকেরাই নির্ধারণ করেন।
অন্যদিকে নন-এসি বাস এবং নগর পরিবহনের বাস-মিনিবাসের ভাড়া সরকার নির্ধারণ করলেও তা পুরোপুরি কার্যকর হয় না বলে অভিযোগ রয়েছে। এর আগে জ্বালানির দাম কমার পর বাসের ভাড়া কমানো হলেও অনেক ক্ষেত্রে তা কার্যকর হয়নি।
গতকাল রোববার রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার। এর আগে গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে। মিনিবাসের বর্তমান ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৫৯ পয়সা।
অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে হবে ২ টাকা ৪০ পয়সা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।