ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার পুলিশ কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা (শফির টিলা) এলাকায় অভিযান চালায়। এ সময় একটি টং ঘরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির প্রস্তুতিকালে মোবারককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মোবারক হোসেন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে দুটি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার রামদা, একটি কাঠের বাটযুক্ত রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধামা, একটি কাঠের বাটযুক্ত দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘ফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসীর স্থান হবে না। সন্ত্রাসী যত শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’
এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।