দক্ষিণ পূর্ব

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগে জনসমাবেশ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ দুপুর
পঠিত : ৪৯
নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগে জনসমাবেশ

ছবি সংগৃহীত

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে জনসমাবেশ করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজারের চক মসজিদ এলাকা থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছালে সেখানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।

আন্দোলনকারীরা বলেন, নোয়াখালীকে বিভাগ করা হলে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাধারণ মানুষকে নাগরিক ও সরকারি সেবা পেতে দূরবর্তী বিভাগীয় শহরে যেতে হবে না।

জানা গেছে, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়। কর্মসূচিতে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসউদকেও দেখা গেছে।

বিক্ষোভের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করে। 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।