দক্ষিণ পূর্ব

সাড়ে চার বছর পর চাকরিতে ফিরছেন দুদকের সেই শরীফ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০৩:৩৩ রাত
পঠিত : ৩০
সাড়ে চার বছর পর চাকরিতে ফিরছেন দুদকের সেই শরীফ

ছবি

Degchibarictg

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি থেকে অপসারিত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন সাড়ে চার বছর পর চাকরিতে ফিরছেন। জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাঁকে পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল প্রত্যাহার করে নিয়েছে দুদক। আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করায় তাঁর চাকরিতে ফেরার পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে পটুয়াখালী কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে আলোচনায় আসেন তিনি। এ সময় বিভিন্ন মহল থেকে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন।

তাঁর চাকরিচ্যুতির ঘটনায় সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন সংস্থাটির কর্মচারীরা।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। তবে সম্প্রতি সংস্থাটি আবেদনটি আর পরিচালনা না করে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পরে চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করেন। এতে হাইকোর্টের রায় বহাল থাকায় সাড়ে চার বছরের বেশি সময় পর চাকরিতে ফিরতে যাচ্ছেন শরীফ উদ্দিন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।