প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। দিনব্যাপী সফরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দুই জেলায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। সফরসূচি অনুযায়ী, আজ সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
সেখানে মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এরপর বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন তিনি। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন তারেক রহমান।
খুলনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে। কর্মসূচি শেষে বিকেলেই হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এদিকে দুই সপ্তাহের ব্যবধানে মোংলা বন্দরে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। তার এ সফরকে কেন্দ্র করে মোংলা বন্দর ঘিরে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।