ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা-পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, দুটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যাটারির বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ির ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস (বেস ট্রান্সসিভার স্টেশন) কক্ষের লক গার্ড ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি হয়।
এসব ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা করে।
মামলার তদন্তে পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়।
এর ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুসকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পরে ২৮ অক্টোবর আদালতের অনুমতিতে গ্রেপ্তার ব্যক্তিদের দুই দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম স্বপনকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস এবং দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসামের নাউটি এলাকার মো. সোহাগ, ঢাকার কেরানীগঞ্জের নুরার চর এলাকার সাহিদ হোসেন প্রকাশ শিবলু, লাকসামের নাউটি এলাকার মো. শামসুদ্দিন ও মো. মোজাম্মেল হক, কুমিল্লার সদর দক্ষিণের ঘোষগাঁও এলাকার মো. ইউনুস এবং লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার মো. সাইফুল ইসলাম স্বপন।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুটি নোহা মাইক্রোবাস, দুটি ভিশন ৪৮ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং চুরির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।
চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।