দক্ষিণ পূর্ব

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

saiful
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৬ সকাল
পঠিত : ৩৩
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ছবি-দক্ষিণপূর্ব


হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৮০ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৭২ শতাংশ বেড়ে ৯২.১৪ ডলারে দাঁড়িয়েছে।

তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে তারা। ইরানি কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের জবাবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে ওয়াশিংটন জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবেই তারা সামরিক অভিযান চালিয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে। চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।