দক্ষিণ পূর্ব

ভিসি সায়েমের পুনর্বহালের দাবিতে চুয়েটে তৃতীয় দিনের মতো শাটডাউন অব্যাহত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৫ সকাল
পঠিত : ৩৯
ভিসি সায়েমের পুনর্বহালের দাবিতে চুয়েটে তৃতীয় দিনের মতো শাটডাউন অব্যাহত

ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে।

একই দাবিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অধ্যাপক সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তারা ‘ভিসি কে, ভিসি কে—সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’ এবং ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি খোলা চিঠি পাঠ করেন। এতে নবনিযুক্ত উপাচার্যের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এবং অধ্যাপক সায়েমকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।

মানববন্ধনে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, ‘সায়েম স্যার বহুমুখী গুণসম্পন্ন একজন মানুষ। শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি—সায়েম স্যারকে আবার উপাচার্য হিসেবে চাই।’

এদিকে, বুধবার থেকে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও বৃহস্পতিবার অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কর্মসূচি রয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন জারির পর ওই রাতেই প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তারা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এর ফলে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।