হযরত মূসা (আ.)-এর আমল থেকে ইহুদিরা গোলান মালভূমিতে বসবাস করে আসছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-সারাকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন।
এর আগে জাতিসংঘে দেওয়া বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-সারা অভিযোগ করেন, গোলান মালভূমি ইসরায়েল দখল করে রেখেছে। তিনি সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারেরও দাবি জানান।
এর জবাবে নেতানিয়াহু বলেন, আহমেদ আল-সারার জানা উচিত যে, মূসার আমল থেকেই ইহুদিরা গোলান মালভূমিতে বসবাস করে আসছে। বক্তব্যে তিনি হযরত মূসা (আ.)-কে ইহুদিদের ব্যবহৃত নাম ‘মোসেস’ হিসেবে উল্লেখ করেন।
গোলান মালভূমি সিরিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় অঞ্চলটি ইসরায়েল দখল করে নেয়। পরে ১৯৮১ সালে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এটি নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেও আন্তর্জাতিক সম্প্রদায় তা স্বীকৃতি দেয়নি।
সূত্র: আল জাজিরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।