দক্ষিণ পূর্ব

বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন শেখ হাসিনার

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ ০৪:৫৫ সকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ২৬
বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন শেখ হাসিনার
Degchibarictg


ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি চেয়ে আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে এ আবেদন করেন তিনি। এ বিষয়ে করা একটি চিঠি দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত পালিয়ে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করলেন শেখ হাসিনা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ শাসনের অবসান ঘটে। তাঁর দেশে ফেরার উদ্যোগকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দেশটিতে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

শেখ হাসিনা আগেই রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারতে অবস্থান করে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ কারণে তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন দ্রুত প্রক্রিয়া করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল। তাঁর ক্ষমতাচ্যুতির পর দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন। অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। ফলে তাঁর দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকার বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন তাঁর প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে।

অন্যদিকে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তাঁর দেশে ফেরার উদ্যোগ সেই সম্পর্কে উন্নতির সম্ভাবনাও তৈরি করতে পারে।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।