ঢাকা-কক্সবাজার রুটে যাত্রী পরিবহন শুরু করছে আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে চলাচল শুরু করছে ট্রেনটি। নতুন গন্তব্যে যাত্রা শুরুর আগে রঙিন সাজে প্রস্তুত করা হয়েছে মহানগর এক্সপ্রেসকে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু হওয়ার কথা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। পথে রাত ৩টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছে ২০ মিনিট বিরতির পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
ফিরতি পথে ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
নতুন রুটে ১৬টি কোচ নিয়ে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। ট্রেনটিতে আসন থাকবে ৭০৬ থেকে ৭৩৬টি। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। গত ১৬ অক্টোবর থেকে নতুন রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।
মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ফলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা এ সুবিধা পাবেন। এতদিন বিরতিহীন কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসে এসব স্টেশন থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ ছিল না।
এদিকে, মহানগর এক্সপ্রেসের সাতকানিয়া স্টেশনে যাত্রাবিরতির দাবিতে গত ২৫ অক্টোবর রেলপথ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম বাবর। রেলপথ মন্ত্রীর কাছে পাঠানো আবেদনের অনুলিপি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে। আবেদনে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সুপারিশ রয়েছে।
আবেদনে বলা হয়েছে, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে বিভিন্ন জেলায় যাতায়াত করেন। সাতকানিয়া স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে এ অঞ্চলের লাখো মানুষ উপকৃত হবেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের প্রসার ঘটবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীর চাপ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতেও রেলসেবাটি ভূমিকা রাখতে পারে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।