শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের প্রতি শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর খন্দকিয়া চিকনদণ্ডী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার চর্চা করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস মিয়া। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য এম. জি. কিবরিয়া, শিক্ষক প্রতিনিধি নীলাদ্র কুমার দে, দাতা সদস্য ফারুক আহমদ চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং মনোযোগের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান। পাশাপাশি একাদশ শ্রেণি থেকেই ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।