কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় চার দিন পর মামলা হয়েছে। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে রয়েছেন মামলার প্রধান আসামিও। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশ রোহিঙ্গা হলেও কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
ওসি আরও বলেন, ঘটনার দিন যৌথ বাহিনীর অভিযানের সময় পালানোর চেষ্টা করলে প্রধান আসামি মোহাম্মদকে আটক করা হয়। হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি অভিযোগে মামলাটি করা হয়েছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় পাচারকারীদের সঙ্গে বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে পালানোর সময় চার মানব পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে আস্তানায় জিম্মি করে রাখা ৫৬ জনকে উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। পরদিন বিশেষ অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন তিনি। সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন তিতাস। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর বাবা আফজাল শেখ অবসরপ্রাপ্ত সেনাসদস্য। ছোট ভাই আকাশ হোসেনও সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।