দক্ষিণ পূর্ব

সোনার দোকানের শোকেসে ১৪ ফুটের অজগর

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১০:৩৮ দুপুর
পঠিত : ৩০
সোনার দোকানের শোকেসে ১৪ ফুটের অজগর

ছবি

Degchibarictg

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোনার দোকানের শোকেসে ঝুলে থাকতে দেখা গেছে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। বিশাল আকৃতির অজগরটি দেখতে দোকান ও বাজার এলাকায় ভিড় করেন স্থানীয় লোকজন। পরে দোকানিরা সেটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোভাষী বাজারের পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই অজগরটি লোকালয়ে চলে আসে। এর আগেও ওই এলাকায় অজগরের দেখা মিলেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দোকানের শোকেসে অজগরটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন দোকানিরা। পরে সতর্কতার সঙ্গে সম্মিলিতভাবে সেটিকে শোকেস থেকে নিচে নামিয়ে আনা হয়। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন অনেকে।

সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, ‘হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।’

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, অজগরটি প্রায় ১৪ ফুট লম্বা। মঙ্গলবার সেটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, বাজারের পাশে সংরক্ষিত বনাঞ্চল থাকায় সেখান থেকে অজগরটি চলে আসতে পারে। এর আগেও ওই এলাকায় অজগর পাওয়া গেছে। তবে সেগুলো আকারে ছোট ছিল। এবারই প্রথম প্রায় ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার করা হলো।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।