গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এতে জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দিচ্ছেন।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর রওনা হওয়ার কথা রয়েছে।
লংমার্চে ছয় দফা দাবির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও তুলে ধরা হচ্ছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করবে ১১ দলীয় ঐক্যজোট। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর সেতু সংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকায় প্রথম পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।
লংমার্চের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।