কওমি ধারার সাত ইসলামি দলের মধ্যে ঐক্য এখনও চূড়ান্ত রূপ পায়নি। ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাত দলের পক্ষ থেকে পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
রোববার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ঐক্যের খসড়া চূড়ান্ত করতে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
হেফাজতে ইসলাম সূত্র জানায়, দুপুর পর্যন্ত চলা বৈঠকে সাত দলের প্রস্তাবনাগুলোর খসড়া নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এসব প্রস্তাবনায় বিভিন্ন বিষয়ে পরস্পরবিরোধী মত থাকায় দীর্ঘ আলোচনা হলেও রোববারের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
পরে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। কমিটিতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতা এবং সাত দলের প্রতিটি থেকে তিনজন করে সদস্য রাখা হয়েছে।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সাত দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক। তবে রোববারের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক এবং প্রতিটি দলের তিনজনকে সদস্য করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। সেখানে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতা থাকবেন।’
তিনি আরও বলেন, ‘কমিটির সদস্যরা ঢাকায় ২২ অক্টোবর বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরে হেফাজত আমির সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করবেন।’
আর/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।