চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচির মধ্যেই নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে চুয়েটের উপাচার্য পদে যোগ দেন তিনি। দায়িত্ব গ্রহণের পর যোগদানপত্র শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছেন অধ্যাপক শেখ শরীফুল আলম।
এর আগে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
এদিকে অধ্যাপক ড. আবু সাদাত সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার থেকে চুয়েটে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ছিল কর্মসূচির তৃতীয় দিন।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখানে নতুন উপাচার্যের নিয়োগ বাতিল এবং অধ্যাপক সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। একই সঙ্গে শাটডাউন কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।