দক্ষিণ পূর্ব

আ.লীগ নেতা নাছিরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলার সিদ্ধান্ত দুদকের

ইমাম উদ্দিন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১ দুপুর
পঠিত : ৩৮
আ.লীগ নেতা নাছিরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলার সিদ্ধান্ত দুদকের

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


দুদক সূত্র জানায়, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আয়কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।


দুদকের অনুসন্ধানে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আ জ ম নাছির উদ্দীনের ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। একই সময়ে তার ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকার দায়-দেনার তথ্য-প্রমাণ পাওয়া যায়। দায়-দেনা বাদ দিলে ওই সময় পর্যন্ত তার নিট সম্পদের মূল্য দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা। এছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে তিনি ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা ব্যয় করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। ফলে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার মোট অর্জিত সম্পদের মূল্য দাঁড়ায় ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা।


অন্যদিকে, একই সময় পর্যন্ত আ জ ম নাছির উদ্দীনের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে।

এই হিসাবে তার গ্রহণযোগ্য আয়ের তুলনায় সম্পদের পার্থক্য দাঁড়ায় ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।


দুদকের অভিযোগ, আ জ ম নাছির উদ্দীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত ওই সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে ভোগদখলে রেখেছেন।


অনুমোদিত মামলায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।