যুব এশিয়া কাপের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামীকাল (১২ নভেম্বর) আল আমিরাতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
বৃহস্পতিবার সকাল ১১টায় একই সময়ে আল আমিরাতের পাশাপাশি দুটি ভেন্যুতে শুরু হবে সেমিফাইনালের লড়াই। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।
গ্রুপপর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে আসরে শুরুটা ভালো হয়নি ফরিদ হাসানের নেতৃত্বাধীন দলের। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানে অলআউট হয় দলটি।
এরপর ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৪৫ রানে এবং মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
সর্বশেষ দুই ম্যাচে যথাক্রমে ৮২ ও ১৫২ রান করেছেন বাংলাদেশের ব্যাটার আহসান মুমিন। সেমিফাইনালের আগে নিজের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বাবার অবদানের কথা তুলে ধরেন তিনি।
আহসান মুমিন বলেন, ‘আমার ক্রিকেটে আসার পেছনে সবচেয়ে বড় অবদান বাবার। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আমি ভালো ক্রিকেটার হব। বাসার পেছনে নেট আছে, সেখানে বাবা নিজেই আমাকে বল থ্রো করেন। সব সময় পাশে থেকেছেন। তার কারণেই আজ এতদূর আসতে পেরেছি।’
নিজের পছন্দের ক্রিকেটারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শহীদ আফ্রিদিকে ভালো লাগে। এ ছাড়া তাওহীদ হৃদয়ের ৩৫০, আর ২৪২ রানের ইনিংসের হাইলাইট দেখে অবাক হয়েছি যে এত বড় ইনিংসও খেলা যায়। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
এবার সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।