দক্ষিণ পূর্ব

খুলশীতে পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গে পালালেন সন্ত্রাসী 'বগা'

ইমাম উদ্দিন
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩০ সকাল
পঠিত : ৬৯
খুলশীতে পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গে পালালেন সন্ত্রাসী 'বগা'

চট্টগ্রাম নগরের খুলশীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। সন্ত্রাসীদের ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম ও তার বডিগার্ডসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। 


একপর্যায়ে পুলিশের সরকারি গাড়ি ভাঙচুর করে পরিবারের সহযোগিতা ও বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে সটকে পড়েন ওই সন্ত্রাসী।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। 


সম্প্রতি এক কলেজশিক্ষককে পেটানোর মামলায় নিয়মিত এজাহার হওয়ার পর, বগার বিরুদ্ধে থাকা আগের অস্ত্র মামলার ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের ভিত্তিতে খুলশী থানা পুলিশ এই অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছানোমাত্রই সন্ত্রাসী বগার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে চারপাশ থেকে অতর্কিত হামলা চালায় এবং ওসির সরকারি গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে।


আক্রমণের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষ চলাকালে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান ওসি মোহাম্মদ আবদুর রহিম ও তার সঙ্গীয় ফোর্স। পরবর্তীতে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার পরপরই পুলিশের অতিরিক্ত দল ঘটনাস্থলে পৌঁছে পুরো ওয়্যারলেস এলাকায় সাঁড়াশি অভিযান চালায়।


বাসভবনে তল্লাশি চালিয়ে পুলিশ একটি গোপন সুড়ঙ্গ ও কৌশলে পালানোর বিশেষ পথের সন্ধান পায়। পুলিশের দাবি, অভিযানের সময়ে পরিবারের সদস্য ও অনুসারীদের সহায়তায় ওই গোপন পথ দিয়েই ওয়াকিল হোসেন পালিয়ে যান। শুধু তা-ই নয়, এলাকা ছেড়ে পালানোর পরও এই সন্ত্রাসী মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে অভিযান পরিচালনকারী পুলিশ সদস্যদের নানাভাবে হুমকি প্রদান ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।


খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, সন্ত্রাসী বগাসহ পুলিশের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।