তিনি বলেন, জনগণের মতামত ও গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠেয় সমাপনী সমাবেশকে স্বাগত জানিয়ে চকবাজার থানা জামায়াত আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার করতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাপনী সমাবেশ জনগণের ন্যায্য দাবি আদায়ের গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
জনগণের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চ ও লালদিঘীর সমাপনী সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বানও জানান জামায়াতের এই নেতা।
চলমান সংকট নিরসনে জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের চলমান সংকট নিরসনে জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। রাজনৈতিক দলগুলোকে জনগণের মতামত ও গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে চকবাজারের অলি খাঁ জামে মসজিদের মোড় থেকে স্বাগত মিছিল বের করে চকবাজার থানা জামায়াত। মিছিলটি তেলপট্টি, রসিক হাজারী ও গোলজার মোড় হয়ে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল।
এ সময় চকবাজার থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, থানা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, আমজাদ হোসাইন, মাওলানা খালেদ জামালসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আর এইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।