দক্ষিণ পূর্ব

চবি শিক্ষার্থী শাকিলের মাস্টার্সে সিজিপিএ ৪ আউট অব ৪, আন্তর্জাতিক জার্নালে তিন গবেষণা

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০২:৩৭ দুপুর
পঠিত : ৪
চবি শিক্ষার্থী শাকিলের মাস্টার্সে সিজিপিএ ৪ আউট অব ৪, আন্তর্জাতিক জার্নালে তিন গবেষণা
Degchibarictg

চবি প্রতিনিধি 

একাডেমিক উৎকর্ষ এবং গবেষণার অনন্য সমন্বয়ে দেশের উচ্চশিক্ষার অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ও গবেষক জুবায়ের আহমদ শাকিল। সম্প্রতি মাস্টার্স (থিসিস) পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করে ডিস্টিংশন লাভ করেছেন তিনি। এর আগে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৯০ সিজিপিএ অর্জন করে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন এই মেধাবী শিক্ষার্থী।

​মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. নাজিম উদ্দিন বৃত্তি (স্নাতকের প্রথম ও তৃতীয় বর্ষে প্রথম স্থান অধিকার করায়) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মর্যাদাপূর্ণ অনার্স মেধাবৃত্তি।

​নবায়নযোগ্য জ্বালানি ও কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে গবেষণা:

জুবায়ের আহমদ শাকিলের গবেষণার প্রধান কেন্দ্রবিন্দু হলো কম্পিউটেশনাল কেমিস্ট্রি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরকোষ এবং কার্যকরী পদার্থের উন্নয়ন। ডেনসিটি ফাংশনাল থিওরি , মলিকিউলার ডকিং ও ডিভাইস সিমুলেশনের মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করে তিনি জৈব রঞ্জক, হ্যালাইড ডাবল পেরোভস্কাইট এবং সম্ভাব্য ঔষধিগুণসম্পন্ন যৌগ নিয়ে কাজ করেছেন।

​তাঁর এই গবেষণাধারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এ পর্যন্ত স্বনামধন্য কিউ-১ -শ্রেণিভুক্ত আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে তাঁর তিনটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে কেমিক্যাল ফিজিক্স ইমপ্যাক্ট -এ ট্রাইফেনাইলামিনভিত্তিক রঞ্জকের আলো শোষণ ও অপটিক্যাল বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণা প্রকাশিত হয়। পরবর্তীতে ২০২৬ সালে মেটারিয়ালস এডভান্স জার্নালে হ্যালাইড ডাবল পেরোভস্কাইট এবং ডিভাইস সিমুলেশনে প্রায় ২৭ শতাংশ ফটোভোলটাইক দক্ষতার সম্ভাবনা নিয়ে তাঁর কাজ প্রকাশিত হয়। এ ছাড়া, ২০২৫ সালে কেমিস্ট্রি সিলেক্ট  জার্নালে আইবুপ্রোফেনের ডেরিভেটিভের সম্ভাব্য কক্স-২ ইনহিবিটর হিসেবে কার্যকারিতা নিয়ে তাঁর আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয়।

​পরীক্ষণভিত্তিক ও কম্পিউটেশনাল রসায়নের সমন্বয়:

তাত্ত্বিক পূর্বাভাসের পাশাপাশি পরীক্ষাগারে কাজের অভিজ্ঞতা অর্জনেও সমান পারদর্শী জুবায়ের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাবরেটরি অব অ্যাডভান্সড রিসার্চ ইন কেমিক্যাল সায়েন্সেসে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে মাস্টার্সের থিসিস সম্পন্ন করেছেন তিনি। তাঁর থিসিসের বিষয় ছিল পিপেরোনাল ও বেনজোহাইড্রাজাইড থেকে উদ্ভূত শিফ বেস লিগ্যান্ডের সঙ্গে টাইটানিয়াম  ও ভ্যানাডিয়াম -এর কমপ্লেক্সের সংশ্লেষণ, বর্ণালিবীক্ষণিক বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং তাত্ত্বিক ও জৈবিক কার্যকারিতা মূল্যায়ন। যৌগ সংশ্লেষণ থেকে শুরু করে মাস স্পেকট্রোমেট্রি, এনএমআর, এফটিআইআর, স্পেকট্রোস্কোপি এবং ডিএফটি গণনার এক অপূর্ব সমন্বয় ঘটেছে তাঁর এই গবেষণায়।

​শিক্ষাদান ও নেতৃত্বগুণ:

একাডেমিক ও গবেষণামূলক কাজের পাশাপাশি জুনিয়র শিক্ষার্থীদের সহযোগী হিসেবেও কাজ করছেন জুবায়ের। ২০২১ সাল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত পড়ানোর পাশাপাশি এলএআরসিএস ল্যাবে স্নাতক পর্যায়ের চারজন শিক্ষার্থীকে যৌগ সংশ্লেষণ, বিশুদ্ধকরণ এবং কম্পিউটেশনাল কেমিস্ট্রির বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শিখিয়েছেন। মাস্টার্স শ্রেণিতে ক্লাস প্রতিনিধি হিসেবেও তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

​বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষামূলক কার্যক্রমেও তাঁর সরব উপস্থিতি রয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কেমিক্যাল সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০২৪ সালের প্রথম আন্তর্জাতিক সিম্পোজিয়াম অন ম্যাটেরিয়ালস, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট এর প্রচার এবং ২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

​ভবিষ্যৎ লক্ষ্য: 

তাত্ত্বিক পূর্বাভাস ও পরীক্ষামূলক প্রমাণের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে দক্ষ ও টেকসই জ্বালানি প্রযুক্তির উন্নয়নে অবদান রাখতে চান জুবায়ের আহমদ শাকিল। সৌরশক্তি রূপান্তর, পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন এবং ক্যাটালাইসিসের উপযোগী নতুন কার্যকরী পদার্থ উদ্ভাবনে ভবিষ্যৎ গবেষক হিসেবে দেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।